প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ১১:৩০ এএম
সচিবদের সঙ্গে অনুষ্ঠিত জাতীয় পে কমিশনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকের পর জানা গেছে, খুব দ্রুত সময়ের মধ্যে কমিশন তাদের সুপারিশ সরকারে জমা দেবে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলনকক্ষে নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শুরু হয়। সভা চলে বিকেল ৫টা পর্যন্ত।
বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সাংবাদিকদের বলেন, “আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে সব সচিব উপস্থিত ছিলেন না।”
নতুন বেতন কাঠামো প্রণয়নের সময়সীমা সম্পর্কিত প্রশ্নে তিনি জানান, “আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি।”
বৈঠকে সচিবরা নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নে ইতিবাচক মত দিয়েছেন। এরপর কমিশন এই সুপারিশগুলোকে বিবেচনা করবে। তবে কমিশন আবার সচিবদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনাও রয়েছে, সুপারিশ চূড়ান্ত করার আগে।
সরকার গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করে। এর উদ্দেশ্য ছিল জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সময়োপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ করা। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করা হয়। কমিশনের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, কর্মচারী নেতারা কমিশনকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীরা আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজন করবেন।
কমিশন ইতিমধ্যেই ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনলাইনে মতামত সংগ্রহ করেছে।



