প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৪৮ পিএম
অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ–২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ–২০২৬ জারি উপলক্ষে বিস্তারিত বক্তব্য দেন তিনি।
উপদেষ্টা বলেন, নতুন দুটি অধ্যাদেশ কার্যকর হলে বিমান টিকিট কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের প্রতারণা ও হয়রানি বন্ধ হবে। টিকিট বিক্রিতে অসাধু এজেন্সিগুলোর মাধ্যমে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, সেটিও ভেঙে দেওয়া সম্ভব হবে। ফলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।
তিনি আরও জানান, কুয়াশাজনিত কারণে বিমানের ফ্লাইট যাতে পাশের দেশে ডাইভারশন করতে না হয়, সে জন্য কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, সংশোধিত অধ্যাদেশ দুটি বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল এজেন্সি খাতে শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে বিমানের টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত করা যাবে।
তিনি আরও বলেন, এসব উদ্যোগের মাধ্যমে অভিবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের অধিকার সুরক্ষিত হবে এবং পর্যটন খাতে সুশাসন ও আন্তর্জাতিক মান বজায় রাখা সম্ভব হবে।



