প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৫:৪৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে’তে মঙ্গলবার (৬ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ঘোষণা করেছেন, আগামী থেকে বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন হবে।
চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, “বিসিএস পরীক্ষায় জট কমানোর জন্য আমরা নানা উদ্যোগ নিয়েছি। এখন থেকে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতি অনুযায়ী পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার জন্য পিএসসি কাজ করছে।”
তিনি আরও জানান, অতীতে প্রশ্নফাঁসের অভিযোগ এড়িয়ে নেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমানে এর কোনো সুযোগ নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আয়োজনে প্রতি বছর শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে অনুষ্ঠিত হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে।
উল্লেখ্য, ৫০তম বিসিএসে অংশ নিতে এবার ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন।



