প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:১০ পিএম
উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুরে নেওয়া হবে। বেলা ১১টায় বিশেষ বিমানযোগে তাকে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকালে বিশেষ চিকিৎসা ব্যবস্থাসহ বিমানযোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। এ সময় তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাসান তার সঙ্গে থাকবেন।
এর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের স্ক্যান করা হলে চিকিৎসকেরা জানান, প্রতিবেদন সন্তোষজনক এসেছে এবং চিকিৎসকরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, চিকিৎসকদের গঠিত বোর্ড নিয়মিতভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছে এবং তিনি এখন ঘন পর্যবেক্ষণে রয়েছেন।
গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রথম ধাপের অস্ত্রোপচারের পর দ্বিতীয় ধাপ সম্পন্ন করে তাকে নিবিড় পরিচর্যা কক্ষে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের একটি বিশেষ বোর্ড তার চিকিৎসা তদারকি করছে। তারা জানান, অস্ত্রোপচারের পরবর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।



