প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১১:৩২ এএম
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার সকালে দলটির প্রচার শাখা থেকে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, চাঁদাবাজদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময় থেকে একটি চক্র ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠানে নানা উপায়ে চাপ সৃষ্টি করে আসছিল। অভিযোগ রয়েছে, শেরে বাংলা নগর এলাকার এক সাবেক যুবদল নেতা মো. মঈন উদ্দিন মঈনের নেতৃত্বে এই চক্র দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করে আসছিল।
ঘটনার একটি ভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে কর্মরত ব্যক্তিদের সঙ্গে রূঢ় আচরণ করছেন এবং নিজেকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করে আতঙ্ক সৃষ্টি করছেন। সংশ্লিষ্টরা বলছেন, টেন্ডার সংক্রান্ত বিরোধ থেকেই মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত।
ভুক্তভোগী চিকিৎসক জানান, বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।
ঘটনার পর দলটির শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও অপরাধীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে চাঁদাবাজি দমনে কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



