প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:১৮ পিএম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও রাজনৈতিক নেতা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি আশঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে আগামী পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৫ মে) তার স্ত্রী আফরোজা আব্বাস একটি গণমাধ্যমকে এ তথ্য জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে রয়েছেন। উন্নত ফিজিওথেরাপির জন্য গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।



