প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১১:২২ পিএম
আল্লাহ মানুষকে যে অবস্থানে রাখেন, তাতেই কল্যাণ নিহিত— এমন মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের দায়িত্ব হলো আন্তরিকতার সঙ্গে দ্বীনের পথে কাজ করে যাওয়া এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা।
রাজধানীর আলফালাহ মিলনায়তন-এ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মহিলা নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন। দুনিয়ার সাময়িক প্রাপ্তি বা অপূর্ণতা যেন ঈমান ও কাজের উদ্দীপনাকে দুর্বল না করে।
শিক্ষা শিবিরে সঞ্চালনা করেন সাঈদা রুম্মন এবং উদ্বোধনী বক্তব্য দেন নূরুন্নিসা সিদ্দীকা। তিনি ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় সব ক্ষেত্রে যোগ্যতা, আদর্শ, তাকওয়া ও সাংগঠনিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আব্দুল হালিম বলেন, একজন মুমিনের জীবন শুধু ইবাদতে সীমাবদ্ধ নয়; বরং চিন্তা, কাজ, দায়িত্ব ও জীবনযাপনের প্রতিটি ক্ষেত্র আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়াই প্রকৃত দ্বীনদারীর পরিচয়। শিক্ষা শিবিরটি চলবে আগামী ১৬ মে পর্যন্ত।



