প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:০১ পিএম
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১ জুন) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ দাবি জানান।
শফিকুর রহমান বলেন, আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হবে। সেদিন শুধু রামিসার জন্য নয়, দেশের প্রতিটি মেয়ের বাবা, দাদা ও নানা হিসেবে তিনি সংসদে দাঁড়াবেন এবং ন্যায়বিচারের দাবিতে কথা বলবেন। মানবতার বিজয় নিশ্চিত করতে এ লড়াই অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী রামিসার পরিবারকে ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। দেশের মানুষ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। এ বিচার নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে জনগণ সন্তুষ্ট হবে এবং সংশ্লিষ্টদের জন্য দোয়া করবে।
জামায়াত আমিরের মতে, বিচার বিভাগ সঠিকভাবে কাজ করলে অন্তত বিচারিক আদালতের কার্যক্রম ১৫ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব। এরপর দ্রুততম সময়ে উচ্চ আদালতের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকর করা উচিত।
তিনি আত্মস্বীকৃত ধর্ষণ ও হত্যার মতো অপরাধের ক্ষেত্রে কোনো আইনজীবী যেন আসামিপক্ষে না দাঁড়ান, সে আহ্বানও জানান। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক না করার আহ্বান জানিয়ে বলেন, এটি মানবিক মর্যাদা ও সামাজিক নিরাপত্তার প্রশ্ন।
বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা, হস্তক্ষেপ এবং বিচারের নামে প্রহসনের কারণে মানুষের আস্থা কমে গেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বিচার বিভাগকে শতভাগ স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, আত্মস্বীকৃত ধর্ষণকারী ও হত্যাকারীদের বিচার দীর্ঘায়িত হওয়া মানেই তাদের প্রতি পরোক্ষ সহযোগিতা করা এবং অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া।
এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।



