প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:২৯ পিএম
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। তিনি বলেন, দেশের প্রতিটি ইঞ্চি ভূমি এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্বশীল বাহিনীর পাশাপাশি জনগণের দেশপ্রেম ও নৈতিক শক্তির গুরুত্বও তুলে ধরেন তিনি।
শুক্রবার সকালে নেত্রকোণা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সবার, তাই দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার দায়িত্বও সবার। তিনি জোর দিয়ে বলেন, দেশের এক ইঞ্চি ভূখণ্ড তো দূরের কথা, সামান্যতম অংশও কোনোভাবেই অন্যের দখলে যেতে দেওয়া হবে না। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা বা আপস গ্রহণযোগ্য নয়।
মাদক সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে শুধু নিয়ন্ত্রণের নীতিতে সীমাবদ্ধ না থেকে মাদক সম্পূর্ণ নির্মূলের জন্য কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং পরিবার ও সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। তাই এ সংকট মোকাবিলায় রাষ্ট্র, পরিবার ও সমাজকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রচার ও গণসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জহিরুল ইসলাম। এ সময় দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, মাদকবিরোধী কার্যক্রম এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।



