প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৭:১৬ এএম
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে দলটির পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হবে কি না এবং প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দলের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা শেষে নির্বাহী পরিষদের সদস্যরা সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে পৌঁছান। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর নাম চূড়ান্ত ও ঘোষণা করা হবে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও শনিবারের বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার, ১১ দলীয় ঐক্যের চলমান রাজনৈতিক কর্মসূচি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়েও মতবিনিময় করেন নেতারা।
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করতে চাইছে জামায়াত। তবে প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত কাকে বেছে নেওয়া হবে, তা নির্ভর করবে রোববারের ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তের ওপর।
ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এখন সবার নজর রোববারের ওই বৈঠকের দিকে। সেখানে জোটের শরিক দলগুলোর মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।



