রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দায়িত্বের শেষপ্রান্তে রাকিব, বার্তায় আবেগ ও কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ১১:৫৯ এএম

দায়িত্বের শেষপ্রান্তে রাকিব, বার্তায় আবেগ ও কৃতজ্ঞতা

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্বের অধ্যায় শেষ হওয়ার প্রাক্কালে দল ও সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত পাতায় দেওয়া এক বার্তায় তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালনে সহযোগিতা করা দলের শীর্ষ নেতৃত্ব, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায়ের পাঁচ নেতার সাক্ষাৎ হয়। সাক্ষাতের পর রাকিব তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।

বার্তার শুরুতে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

একই সঙ্গে দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, চিকিৎসা ও কৃষিশিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীদের সহযোগিতার কথা স্মরণ করেন রাকিব। রাজপথের কর্মসূচি বাস্তবায়নে তাঁদের শ্রম, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করেন তিনি।

দায়িত্ব পালনকালে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন ছাত্রদল সভাপতি। দলীয় পরিচয়ের বাইরে থেকেও বিভিন্ন শিক্ষার্থী তাঁদের সমস্যা নিয়ে যোগাযোগ করলে সাধ্যমতো সমাধানের চেষ্টা করেছেন বলে জানান তিনি। একই সঙ্গে ইতিবাচক ছাত্ররাজনীতির পরিবেশ তৈরিতে কাজ করার প্রত্যয়ের কথাও উল্লেখ করেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রাকিব জানান, এবার তিনি নতুনভাবে জীবন শুরু করতে চান। নিজেকে আরও মানবিক, সৎ ও পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দায়িত্ব পালনের সময়ে কোনো ভুলত্রুটি বা আচরণের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধও জানান।

ছাত্রদলের নতুন নেতৃত্বকে সবাই ইতিবাচকভাবে গ্রহণ করবেন—এমন প্রত্যাশা জানিয়ে নিজের বার্তার সমাপ্তি টানেন রাকিবুল ইসলাম রাকিব।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!