রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০৭:০৯ পিএম

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী

সংগৃহীত

বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের মর্যাদা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

রিজভী বলেন, কোনো দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একতরফা শর্ত বা আধিপত্যের সুযোগ থাকা উচিত নয়। প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়েই পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সমতা ও মর্যাদার বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে যোগাযোগ বজায় রাখতে আগ্রহী। বাংলাদেশের পক্ষ থেকে যেমন অন্য দেশকে সম্মান করা হবে, তেমনি অন্য দেশের কাছ থেকেও একই ধরনের আচরণ প্রত্যাশা করা হবে। বন্ধুত্বের নামে কোনো ধরনের অসম সম্পর্ক মেনে নেওয়া হবে না।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে বাংলাদেশ আগ্রহী। তবে সেই সম্পর্ক অবশ্যই সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হতে হবে। ভারতের পক্ষ থেকে যদি বাংলাদেশের প্রতি কোনো স্বার্থহীন ও আন্তরিক বন্ধুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়, তাহলে তা ইতিবাচকভাবে দেখা হবে। কিন্তু কোনো বিশেষ স্বার্থ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে বাংলাদেশ তাতে সাড়া দেবে না।

রিজভী আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে জনগণের কল্যাণে যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করবেন।

এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!