প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৯:০৩ পিএম
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি নির্ধারিত সময়ের মধ্যেই মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরে গেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার আগেই তাকে বহনকারী প্রিজন ভ্যান মুন্সীগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। এর আগে একই দিন ভোরে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে ঢাকায় নেওয়া হয়। স্বামীর শেষ বিদায়ে অংশ নেওয়ার পর বিকেলে তিনি আবার মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেন।
দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর শেষ বিদায়ে অংশ নেওয়ার সুযোগ চেয়ে দীপু মনির পক্ষে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।
নির্ধারিত সময় অনুযায়ী সকালে কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। রাজধানীতে পৌঁছানোর পর তিনি স্বামীর মরদেহ দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন। পরে বাদ জোহর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানেই সম্পন্ন হয় দাফন।
দাফন শেষে বিকেলে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যান ঢাকার বনানী এলাকা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হয়। পরে নির্ধারিত প্যারোলের সময়ের মধ্যেই তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। তাঁর স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যু এবং শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তির বিষয়টি গত কয়েক দিনে আলোচনায় আসে। এর আগে গত ১৯ আগস্ট তাঁর প্যারোলে মুক্তির অনুমোদনের খবর প্রকাশিত হয়েছিল।



