প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৯:০১ এএম
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
কারাগার সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর শেষবারের মতো মরদেহ দেখা এবং জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে দীপু মনির পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমোদনে তাকে ১২ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে।
কারাগার থেকে বের হওয়ার পর পুলিশি পাহারায় তাকে রাজধানীর কলাবাগানের বাসায় নেওয়া হয়। সেখানে তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে বলে জানা গেছে। নির্ধারিত সময় শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তৌফিক নেওয়াজের জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দীপু মনি গ্রেপ্তার হন। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।



