রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবিধানের ভুল ব্যাখ্যায় গণভোটের রায় এড়ানো হচ্ছে: পরওয়ার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০৫:৫৪ পিএম

সংবিধানের ভুল ব্যাখ্যায় গণভোটের রায় এড়ানো হচ্ছে: পরওয়ার

সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের পথে সাংবিধানিক প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সংবিধানের বিভিন্ন বিধানের ব্যাখ্যা সামনে এনে জনগণের দেওয়া গণরায়কে পাশ কাটানোর চেষ্টা চলছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। সেখানে গোলাম পরওয়ার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রায় ৭০ শতাংশ মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখানো প্রয়োজন। এ রায় বাস্তবায়নের দাবিতে সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই তারা সক্রিয় থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, গণভোটের বৈধতা ও সাংবিধানিক ভিত্তি নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে। রাষ্ট্রপতির দেওয়া একটি আদেশের এখতিয়ার এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এসব প্রশ্নের মাধ্যমে মূল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে গণভোটের রায় বাস্তবায়ন বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার জানান, রাজনৈতিক ও সাংবিধানিক বিরোধের নিষ্পত্তির উপযুক্ত স্থান জাতীয় সংসদ। তাই সংসদে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চান তারা। তবে সেখানে সমাধান না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবির পক্ষে অবস্থান চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে ছয়টি প্রধান দাবি তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

গোলাম পরওয়ারের ঘোষণা অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে নেতাকর্মী ও সমর্থকদের সমবেত হওয়ার কথা রয়েছে। সেখান থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে লংমার্চ শুরু হবে।

তিনি আরও জানান, ১১ দলের বাইরের অন্যান্য রাজনৈতিক দলকেও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক অসুবিধা হতে পারে। এ জন্য আগাম দুঃখ প্রকাশও করেন তিনি।

লংমার্চে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। গোলাম পরওয়ারের ভাষ্য অনুযায়ী, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হকসহ জোটের গুরুত্বপূর্ণ নেতারা এতে অংশ নেবেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!