রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০৮:৩৭ পিএম

অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, একদিনে বা রাতারাতি পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। অপরাধ দমনে ধারাবাহিক উদ্যোগ ও সময়ের প্রয়োজন রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও মনোবল বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে। সংঘটিত বিভিন্ন আলোচিত অপরাধের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সদস্যদের দায়িত্বশীলতা বাড়ানো হচ্ছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাদের পুরস্কার, সনদ ও পদক দেওয়ার ব্যবস্থাও রয়েছে। একই সঙ্গে বাহিনীগুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সহযোগিতা প্রয়োজন। অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং সামাজিকভাবে অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হলে অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা গোষ্ঠী যেন কোনোভাবেই ছাড় না পায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

রিজভী আরও বলেন, অপরাধী গ্রেপ্তার করাই শেষ কথা নয়; অপরাধী চক্র কীভাবে গড়ে উঠছে এবং তাদের পেছনে কারা রয়েছে, সেটিও খুঁজে বের করা প্রয়োজন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ঈদে মিলাদুন্নবীর শিক্ষা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তি, ন্যায়বিচার, সাম্য, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানান। তাঁর মতে, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ গুরুত্বপূর্ণ পথনির্দেশনা দিতে পারে।

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!