রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি কার্যক্রম শুরু রুমিন ফারহানার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:০২ এএম

দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি কার্যক্রম শুরু রুমিন ফারহানার

ছবি: সংগৃহীত

দাদা-দাদির কবর জিয়ারতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে দাদা-দাদির কবর জিয়ারত করেন রুমিন ফারহানা। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু করেন। তার দাদা-দাদি ইসলামপুর গ্রামের বাসিন্দা হলেও রুমিন ফারহানার নিজ বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে।

এ সময় রুমিন ফারহানা বলেন, দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনি যাত্রা শুরু করেছেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন এবং দেশের মানুষের অধিকার আদায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। এ জন্য তিনি এলাকার ও দেশের মানুষের দোয়া কামনা করেন এবং নির্বাচন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এলাকার জনগণ ভোটের মাধ্যমে বিচার করবে—গত ১৭ বছরে কারা সত্যিকার অর্থে তাদের পক্ষে কথা বলেছেন। তার প্রতি যে অন্যায় করা হয়েছে, ভোটের মাধ্যমেই জনগণ তার জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, জোট না করার বিষয়ে এলাকাবাসীর একটি দাবি ছিল, তবে সেই আকুতি উপেক্ষা করা হয়েছে। জনগণ ভোট দিয়েই সেই অসম্মানের জবাব দেবে বলে তিনি মনে করেন।

এর আগে গত বুধবার রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকারের কাছ থেকে মনোনয়নপত্র নেন।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ঘোষণা দেওয়া হয়েছে। তার পক্ষে গত সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি দলীয় প্রতীক খেজুরগাছ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!