প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৮:৫৪ পিএম
আধুনিক শিক্ষা ও ইসলামি মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, একপাক্ষিক শিক্ষাব্যবস্থা নয়, বরং আধুনিক জ্ঞান এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বিত চর্চাই একটি সুস্থ, সুশৃঙ্খল ও আদর্শ জাতি বিনির্মাণের ভিত্তি হতে পারে।
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় নবপ্রতিষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেরও উদ্বোধন করা হয়।
সেনাপ্রধান বলেন, বর্তমান সময়ের আধুনিক শিক্ষাব্যবস্থায় নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নয়। আবার ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি অংশে আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতি রয়েছে। ফলে উভয় ধারার শিক্ষার ইতিবাচক দিকগুলো একত্রিত করে একটি ভারসাম্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সময়ের প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষাই একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। আজকের শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে আগামী কয়েক দশক পর দেশ একটি সুশিক্ষিত, দায়িত্বশীল ও আদর্শ নাগরিকসমৃদ্ধ জাতি পাবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা এবং জ্ঞানচর্চার সমান গুরুত্ব নিশ্চিত করতে হবে।
নতুন প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের পাঠক্রম অনুসরণ করে পরিচালিত হবে বলেও জানান তিনি। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞানের পাশাপাশি ইসলামি আদর্শ, নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ অর্জনের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



