প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:১৫ পিএম
নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে মাঠে না থাকলেও টুর্নামেন্টের সব উত্তেজনাপূর্ণ ম্যাচ ঘরে বসেই উপভোগ করতে পারবেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানিয়েছে, বাংলাদেশে এই বৈশ্বিক আসরের ম্যাচগুলো দেখা যাবে টিএসএম এবং র্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে। পাশাপাশি দেশের ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ও নাগরিক টিভিতেও বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হবে।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, টিএসএম একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান, যারা নিয়মিতভাবে দেশের বাইরে অনুষ্ঠিত বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি আয়োজিত ম্যাচ বাংলাদেশে সম্প্রচার করে থাকে। অন্যদিকে র্যাবিটহোলবিডি অ্যাপ মূলত দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির ইউটিউবভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম।
আয়োজক দেশ ভারতে এই টুর্নামেন্টটি স্টার স্পোর্টস টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওস্টার ও জিও হটস্টারে সম্প্রচার করা হবে। টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ডায়লগ টিভি সরাসরি সম্প্রচারের দায়িত্বে রয়েছে। একই সঙ্গে সেখানে ডিজিটাল মাধ্যমেও খেলা দেখার সুযোগ থাকছে।
এদিকে মূল পর্ব শুরুর আগেই শুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচগুলো। আইসিসি আগেই জানিয়েছিল, প্রস্তুতিপর্বের ম্যাচগুলো বাংলাদেশে টিএসএম ও র্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ম্যাচ সংখ্যা ৫৫টি। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ অংশ না নেওয়ায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে প্রকাশ করেছে আইসিসি।



