প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৯:৫১ পিএম
প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ইউরোপভিত্তিক নতুন কুড়ি ওভারের একটি লিগ। বেলজিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে খেলবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী ২৪ মার্চ রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম মৌসুমের খেলোয়াড় বাছাই অনুষ্ঠান। তার আগেই সরাসরি চুক্তির মাধ্যমে সাকিবকে দলে ভিড়িয়েছে ব্রাসেলসের একটি ফ্র্যাঞ্চাইজি দল।
শুধু সাকিবই নন, এই লিগে অংশ নেবেন আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন পরিচিত তারকা। ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রসি ফন ডার ডুসেন এবং ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী অলরাউন্ডার আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটাররা।
আগামী ৬ জুন শুরু হবে টুর্নামেন্টের খেলা। আর ১৪ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বেলজিয়ামের ব্রাসেলস শহরেই আয়োজন করা হবে আসরের সবগুলো ম্যাচ।
এই লিগে মোট ছয়টি দল অংশ নেবে। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ ও ব্রুগেস শহরকে প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ইউরোপে এই নতুন লিগ চালু হলে সেখানে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়তে পারে এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য নতুন একটি প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরি হবে।



