প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:২২ এএম
তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং তিন ম্যাচের কুড়ি ওভারের আন্তর্জাতিক সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। এ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের মাটিতে এই প্রথমবার একদিনের ও কুড়ি ওভারের দ্বিপক্ষীয় সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা।
সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা নারী দল। সেদিনই তারা রাজশাহীর উদ্দেশে রওনা দেবে। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
একই মাঠে ২২ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝখানে দুই দিন অনুশীলন করবে সফরকারী দল। একদিনের সিরিজের সব কটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
একদিনের সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। পরদিন তাদের অনুশীলন রয়েছে। এরপর ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুড়ি ওভারের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ২ মে একই মাঠে। কুড়ি ওভারের সিরিজের সব কটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সফর শেষে আগামী ৩ মে নিজ দেশে ফিরে যাবে শ্রীলঙ্কা নারী দল।
এর আগে ২০১১ সালে সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের মাটিতে একদিনের ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা নারী দল। তারও আগে ২০০৯ সালে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় একদিনের সিরিজে অংশ নিয়েছিল তারা এবং সেই সিরিজে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।
এ ছাড়া বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের কুড়ি ওভারের বিশ্বকাপ এবং ২০২২ সালের এশিয়া কাপে অংশ নিয়েছিল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।



