প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৪৮ পিএম
দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান। বিভিন্ন সময় তার প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন উঠলেও বাস্তবে তা আর ঘটেনি। এবারও সম্ভাবনা তৈরি হলেও নিশ্চিত কিছু হয়নি, তবে বছরের শেষ দিকে দেশে ফেরার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন তিনি।
ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, সব জটিলতা কেটে গেলে তিনি দ্রুতই দেশে ফিরতে চান। তার ভাষায়, দেশে ফেরার বিষয়টি এখন সময়ের ওপর নির্ভর করছে।
সাকিব আরও বলেন, আগের ক্রিকেট বোর্ডের সঙ্গে তার ফেরার বিষয়ে আলোচনা হলেও বাস্তব কোনো অগ্রগতি হয়নি। তিনি জানান, অনেকেই মুখে ফিরিয়ে আনার কথা বললেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলেন ২০২৪ সালের অক্টোবরে। এরপর থেকে আর জাতীয় দলে মাঠে নামেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি আগেও জানিয়েছেন, দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান।



