প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১২:২৪ পিএম
আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ম্যাচ শেষ হওয়ার পরও বিতর্ক যেন থামছে না। রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে এসেছে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের একটি বিশেষ সংকেত।
ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্ত নিয়ে মিশরের ডাগআউটে উত্তেজনা তৈরি হয়। সেই সময় হোসাম হাসান দুই হাত বুকের সামনে আড়াআড়িভাবে রেখে একটি ক্রস চিহ্নের মতো সংকেত দেন। এরপর তিনি হাত উঁচু করে মাঠের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এ ঘটনার পরপরই ম্যাচের রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
তবে কোচের দেওয়া এই সংকেত নিয়েই তৈরি হয়েছে মূল প্রশ্ন। কারণ এটি সাধারণ প্রতিবাদের কোনো ভঙ্গি নয়। আন্তর্জাতিক ফুটবলে বৈষম্য বা বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে এমন সংকেত ব্যবহারের নিয়ম রয়েছে। দুই হাত ক্রস করে এই ধরনের ইঙ্গিত দেওয়া হলে ম্যাচ কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
নিয়ম অনুযায়ী, এমন সংকেতের পর পরিস্থিতি গুরুতর হলে রেফারি ম্যাচ সাময়িক বন্ধ করা, স্থগিত করা কিংবা বিশেষ পরিস্থিতিতে ম্যাচ বাতিলের সিদ্ধান্তও নিতে পারেন। তবে এই সংকেত ব্যবহারের কারণে সরাসরি হলুদ কার্ড দেখানোর কোনো নিয়ম আছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
মিশরের কোচ ঠিক কোন ঘটনার প্রতিবাদে এই সংকেত দিয়েছিলেন, সেটিও এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে রেফারি কেন তাকে সতর্ক করলেন, সে বিষয়েও কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
এর আগে ম্যাচে মিশরের একটি গোল বাতিল এবং পেনাল্টি না পাওয়ার অভিযোগ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মিশরীয় শিবির থেকে ম্যাচের সিদ্ধান্তগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। এর মধ্যেই কোচের এই সংকেত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
আর্জেন্টিনা জয় পেলেও ম্যাচের ফলাফলের চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে রেফারিং, সিদ্ধান্ত এবং মাঠের বাইরের ঘটনাগুলো নিয়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা না আসা পর্যন্ত এই বিতর্ক আরও চলবে বলেই ধারণা করা হচ্ছে।



