রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন ওতামেন্দির

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৫:০৮ পিএম

আর্জেন্টিনাকে বিদায় জানালেন ওতামেন্দির

সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৭ বছরের গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি জাতীয় দলের জার্সিকে বিদায় জানান। দেশের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই তারকা ফুটবলার জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে তার যাত্রা এখানেই শেষ।

বিদায়বার্তায় ওতামেন্দি নিজের জাতীয় দলের বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্তের ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক ফুটবলে বিদায় জানানো সহজ নয়। বিশ্বকাপের ফাইনালই তার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ হয়ে থাকবে। যদিও সেই ম্যাচের ফল প্রত্যাশামতো আসেনি, তবুও দল শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে বলে তিনি গর্ব অনুভব করেন।

তিনি আরও বলেন, জাতীয় দলের জার্সি পরার সুযোগ তার জীবনের সবচেয়ে বড় সম্মান। প্রতিটি ম্যাচে দেশের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছেন এবং সেই তৃপ্তি নিয়েই তিনি বিদায় নিচ্ছেন। একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য নিজের দেশ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিজ্ঞ ফুটবলার।

আর্জেন্টিনার হয়ে ওতামেন্দি মোট ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি তিনি করেছেন আটটি গোল। তার অর্জনের ঝুলিতে রয়েছে একটি বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা। দীর্ঘ সময় ধরে দলের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সাম্প্রতিক বিশ্বকাপেও আর্জেন্টিনার রক্ষণভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ওতামেন্দি। তবে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি। ফাইনালে স্পেনের কাছে এক গোলে পরাজিত হয়ে রানারআপ হয় আর্জেন্টিনা। সেই ম্যাচই হয়ে থাকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ উপস্থিতি।

ক্লাব ফুটবলেও ওতামেন্দির সাফল্য কম নয়। ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তিনি এবং নিজের অভিজ্ঞতা ও দৃঢ় রক্ষণশৈলীর মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি তিনি নিজ দেশের ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব পর্যায়ে এখনো মাঠে দেখা যাবে এই অভিজ্ঞ ফুটবলারকে।

দীর্ঘ সময় দেশের হয়ে অসাধারণ অবদান রাখায় সমর্থক, সতীর্থ ও ফুটবল সংশ্লিষ্ট অনেকেই ওতামেন্দির প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন। তার বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার ফুটবলের একটি সফল অধ্যায়ের সমাপ্তি ঘটল।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!