প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৬:৪৭ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফায় মহাসচিবের দায়িত্ব পালনের সময়কার একটি পুরোনো ঘটনা ঘিরে নতুন করে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, উয়েফায় কর্মরত এক নারী কর্মীর সঙ্গে ইনফান্তিনোর ব্যক্তিগত সম্পর্ক ছিল। পরে ওই সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠার পর সংশ্লিষ্ট নারী কর্মীকে বড় অঙ্কের অর্থ দিয়ে প্রতিষ্ঠান থেকে বিদায় দেওয়া হয়। পাশাপাশি তার উচ্চশিক্ষার ব্যয়ও বহন করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে ইনফান্তিনো উয়েফার মহাসচিব থাকাকালে। সে সময় তিনি বিবাহিত এবং চার সন্তানের বাবা ছিলেন। ওই নারী কর্মী তার অধীনে কাজ করতেন এবং সম্পর্ক চলাকালে তাকে ব্যবস্থাপনার একটি পদে উন্নীত করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে তৎকালীন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ইনফান্তিনোর কাছে জানতে চেয়েছিলেন বলেও অভিযোগে উঠে এসেছে।
পরে ওই নারী কর্মীকে বিদায়ী অর্থ দেওয়ার পাশাপাশি স্থানীয় একটি ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতকোত্তর ব্যবস্থাপনা শিক্ষার ব্যয় বহন করা হয়েছিল বলে উয়েফার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, সে সময়কার প্রচলিত নিয়ম মেনেই এসব অর্থ দেওয়া হয়েছিল।
ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগটি এমন সময়ে সামনে এলো, যখন ফিফার শীর্ষ পদে তার অবস্থান নিয়ে নানা আলোচনা চলছে। বিভিন্ন বিষয়ে সমালোচনার পাশাপাশি তার সাবেক কর্মস্থল উয়েফার সময়কার কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে ইনফান্তিনো তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগগুলো ভিত্তিহীন এবং তার বিরুদ্ধে অনৈতিক আচরণ বা নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ নেই। ফিফার পক্ষ থেকেও দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মীর বিদায়ী অর্থ ও অন্যান্য সুবিধা যথাযথ নিয়ম মেনেই অনুমোদন করা হয়েছিল।
ফিফা সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা স্বাধীন তদন্তের ফল প্রকাশ হয়নি। ফলে বিষয়টি আপাতত অভিযোগ ও পাল্টা বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে নতুন এই অভিযোগ ইনফান্তিনোর নেতৃত্ব ও অতীত কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।



