প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৫৭ পিএম
জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানকে ঘিরে চলমান বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) চড়া দামে দল পেলেও মাঠে নামতে না পারাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেছেন। পাশাপাশি এই পরিস্থিতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আরও দক্ষভাবে পরিচালনা করতে পারত বলেও মত দিয়েছেন সাকিব।
সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের মতে, বড় পরিসরের নিলামের পর কোনো খেলোয়াড়ের খেলতে না পারা স্বাভাবিকভাবেই হতাশার বিষয়। সাকিব বলেন, একজন খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত হতাশাজনক। এত বড় একটি নিলামের পর মাঠে নামার সুযোগ না পাওয়া নিঃসন্দেহে কষ্টের।
মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তেমন কিছু করার ছিল না বলেও মন্তব্য করেন সাকিব। তিনি মনে করিয়ে দেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিজস্ব নিয়ম অনুযায়ী পরিচালিত হয় এবং যে দেশে টুর্নামেন্ট আয়োজন করা হয়, সেই দেশের নিয়মই সেখানে চূড়ান্তভাবে কার্যকর থাকে।
সাকিবের ভাষায়, যে দেশে টুর্নামেন্ট হয়, সেই দেশের নিয়মই মানতে হয়। আয়োজকরা যেটা চাইবে, সেটাই কার্যকর হবে। বিপিএলেও চুক্তির সময় এমন শর্ত থাকে এবং বিসিবিরও প্রয়োজন অনুযায়ী নিয়ম পরিবর্তনের ক্ষমতা রয়েছে। সে কারণে মুস্তাফিজের পক্ষে যেমন কিছু করার সুযোগ ছিল না, তেমনি বিসিবি বা আইসিসির পক্ষেও নয়।
মুস্তাফিজকে ঘিরে এই পরিস্থিতি নিয়ে দেশ-বিদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের বিভিন্ন মন্তব্যের পর সাকিবের বক্তব্য নতুন করে ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: বিডিক্রিকটাইম



