রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১২:৪৮ পিএম

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব

ফাইল ছবি

বিপিএলের আজকের সূচিতে দুটি ম্যাচ থাকলেও দুপুরের ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা সব ধরনের খেলা বর্জনের ঘোষণা দিয়েছেন। এ পরিস্থিতিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াব বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছে।

আজ দুপুর ১টায় চট্টগ্রামের বিপক্ষে নোয়াখালীর মাঠে নামার কথা ছিল। তবে কোয়াবের সংবাদ সম্মেলনের ঘোষণার পর বিপিএলের দুপুরের ম্যাচটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবির পরিচালক নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত ও তির্যক মন্তব্য করেন।

তিনি বলেন, ক্ষতিপূরণের প্রশ্নই তোলা উচিত নয়। কারণ হিসেবে তিনি দাবি করেন, ক্রিকেটারদের পেছনে বিপুল ব্যয় হলেও আন্তর্জাতিক অঙ্গনে কোনো বৈশ্বিক শিরোপা অর্জন করা সম্ভব হয়নি। এমনকি বিভিন্ন টুর্নামেন্টেও প্রত্যাশিত সাফল্য আসেনি। এই যুক্তিতে তিনি বলেন, চাইলে বোর্ডও খেলোয়াড়দের কাছে ব্যয়ের দায়ভার ফেরত চাইতে পারে।

নাজমুল ইসলামের এমন বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে কোয়াব। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন এক ভিডিও বার্তায় বলেন, যেভাবে সব ক্রিকেটারকে একসঙ্গে লক্ষ্য করে মন্তব্য করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি স্পষ্ট করে জানান, ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বর্জন করবেন।

এদিকে নির্ধারিত সময়ে মাঠে যাওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটারই হোটেল ত্যাগ করেননি বলে জানা গেছে। ফলে ঢাকা পর্বের আজকের প্রথম ম্যাচটি না হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!