প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:২৯ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে দেশের ক্রীড়াঙ্গনে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। তার পদত্যাগের দাবিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আলটিমেটাম দিয়েছে। দাবিটি মানা না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। নাজমুল ইসলামের পক্ষ থেকে এখনও পদত্যাগের কোনো ঘোষণা না আসায় ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড় রয়েছেন।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তিনি বলেন, “নাজমুল ইসলামের মন্তব্য অনাকাঙ্ক্ষিত ছিল। তাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। আমরা তার মন্তব্য সমর্থন করি না, তবে প্রক্রিয়ার মধ্যে যেতে হবে।”
এদিকে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের বিপিএল খেলা শুরু হওয়ার কথা ছিল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হওয়ার কথা ছিল। একই দিনে দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের লড়াইও নির্ধারিত ছিল। তবে প্রথম ম্যাচের দুই দলের কোনো ক্রিকেটারই মাঠে উপস্থিত হননি, কারণ নাজমুল ইসলামের পদত্যাগের কোনো ঘোষণা হয়নি।
ফলে দিনের প্রথম ম্যাচ সময়মতো শুরু না হওয়ার সম্ভাবনা প্রবল। তবুও বিসিবি দুই ম্যাচই আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিঠু বলেন, “খেলোয়াড়দের বোঝানো হয়েছে, তারা যদি মাঠে আসে, খেলা হবে। না এলে খেলা হবে না। প্রথম ম্যাচ সময়মতো না হওয়ার সম্ভাবনা বেশি, তবে আমরা চেষ্টা চালাচ্ছি।”
তবে ক্রিকেটাররা এখন রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, ছয় দলের ক্রিকেটাররা সেখানে একত্র হচ্ছেন এবং দুপুর ১টায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এই পরিস্থিতিতে বিপিএলের প্রথম ম্যাচ যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, দ্বিতীয় ম্যাচ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।



