রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানোর কথা ভাবছে আইসিসি!

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৫ এএম

বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানোর কথা ভাবছে আইসিসি!

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান নাটক এবার নতুন মোড় নিতে শুরু করেছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোর পর গত শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড।

তবে এখন আবারও ক্ষীণ হলেও আশার আলো দেখা যাচ্ছে—আইসিসি চাইলে বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পারে। তবে সেটি পুরোপুরি নির্ভর করছে পাকিস্তানের সিদ্ধান্তের ওপর। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী শুক্রবার অথবা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে বলে জানিয়েছেন বোর্ড প্রধান মহসিন নাকভি। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ইঙ্গিত দেন। আর পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলেই বাংলাদেশের ফেরার সুযোগ তৈরি হবে।

পাকিস্তান ‘এ’ গ্রুপের দল হিসেবে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কথা রয়েছে। তারা বাদ পড়লে পরিবর্তিত দল হিসেবে ওই গ্রুপে বাংলাদেশ খেললে, বিসিবির দাবিমতো সব ম্যাচই শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব হবে। যদিও নিয়ম অনুযায়ী কোনো দল সরে দাঁড়ালে বাছাইপর্বে বাদ পড়া পরবর্তী সর্বোচ্চ র‌্যাংকিংধারী দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়—যেমনটি হয়েছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের ক্ষেত্রে।

তবে হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তান যদি টুর্নামেন্ট বর্জন করে, তাহলে প্রথম সুযোগ দেওয়া হবে বাংলাদেশকেই। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘পাকিস্তান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবিমতো তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এতে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’

এ ধরনের প্রতিবেদনের কারণে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নতুন করে ভাবতে পারে। কারণ যে বাংলাদেশের জন্য তারা টুর্নামেন্ট বর্জনের কথা ভাবছে, সেই বাংলাদেশই যদি তাদের জায়গায় খেলার সুযোগ পায়, তাহলে সেটি পাকিস্তানের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। আর এমন সিদ্ধান্ত থেকে তাদের বিরত রাখতেই হয়তো কৌশলগতভাবে এমন ইঙ্গিত দিয়ে রাখছে আইসিসি। এখন সবার নজর, শেষ পর্যন্ত পাকিস্তান কী সিদ্ধান্ত নেয় তার দিকেই।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!