প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:২৭ পিএম
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে আবারও সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে একাধিক টাইগ্রেস ক্রিকেটারের। ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে সেরা ২০-এর মধ্যে জায়গা করে নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বর্তমানে তিনি ১৯ নম্বরে অবস্থান করছেন, যা বাংলাদেশি নারী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। বাছাইপর্বজুড়ে ধারাবাহিক ও কার্যকর ব্যাটিংয়ের ফলেই এই অর্জন এসেছে বলে মনে করা হচ্ছে, যা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছেন সোবহানা মোস্তারী। আগ্রাসী ব্যাটিং ও একের পর এক কার্যকর ইনিংসের সুবাদে তিনি ১৬ ধাপ এগিয়ে এখন ৩৬ নম্বরে উঠে এসেছেন। ওপেনার দিলারা আক্তার ৫ ধাপ উন্নতি করে বর্তমানে আছেন ৬৫ নম্বরে। তবে টুর্নামেন্টের শেষদিকে প্রত্যাশিত রান না পাওয়ায় শারমিন আক্তার সুপ্তা ১৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৮ নম্বরে।
এদিকে তরুণ ব্যাটার স্বর্ণা আক্তার র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ৪৩ ধাপ এগিয়ে আগে সেরা ১০০-এর বাইরে থাকা স্বর্ণা এখন ৭৪ নম্বরে উঠে এসেছেন।
বোলিং বিভাগেও টাইগ্রেসদের দাপট বজায় রয়েছে। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন রাবেয়া খান, যিনি নিজের আগের ১৪তম স্থানটি ধরে রেখেছেন। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৮ ধাপ উন্নতি করে বর্তমানে ২৮ নম্বরে অবস্থান করছেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কিছুটা ছন্দ হারিয়ে ৩ ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে নেমে গেছেন ফাহিমা খাতুন।
সবচেয়ে চোখে পড়ার মতো উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। তিনি ২০৬ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা ১০০-তে প্রবেশ করেছেন এবং বর্তমানে তার অবস্থান ৯২ নম্বরে।



