রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১০:৫০ এএম

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

প্রতীকী ছবি

ব্যবহারকারীদের গোপনীয়তা আরও বাড়াতে নতুন ইউজারনেম ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে ফোন নম্বর প্রকাশ না করেও অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। অনেকটা টেলিগ্রাম বা ইনস্টাগ্রামের ইউজারনেম ব্যবস্থার মতোই কাজ করবে নতুন ফিচারটি।

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের জন্য আলাদা একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। কেউ সেই ইউজারনেম দিয়ে যোগাযোগ করলে ফোন নম্বরের বদলে শুধু ওই ইউজারনেমই দেখা যাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে ফোন নম্বর প্রয়োজন হয়। তবে নতুন ফিচার চালু হলে অপরিচিত ব্যক্তি বা নতুন কোনো গ্রুপে যুক্ত হওয়ার সময় ব্যক্তিগত নম্বর গোপন রাখা সহজ হবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি পুরোপুরি ঐচ্ছিক। অর্থাৎ কেউ চাইলে আগের মতো ফোন নম্বর ব্যবহার করেই অ্যাপ চালাতে পারবেন। আবার চাইলে ইউজারনেম ব্যবহার করে পরিচয় গোপন রেখেও যোগাযোগ করা যাবে।

প্রতিটি অ্যাকাউন্টে একটি করে ইউজারনেম ব্যবহার করা যাবে এবং পরে সেটি পরিবর্তনের সুযোগও থাকবে। তবে ইউজারনেম পরিবর্তন করলেও পুরোনো চ্যাট বা অ্যাকাউন্ট সেটিংসে কোনো প্রভাব পড়বে না। যদিও অ্যাকাউন্ট লগইন ও পুনরুদ্ধারের জন্য ফোন নম্বর আগের মতোই সংযুক্ত থাকবে।

ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নিয়মও নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। ইউজারনেমের দৈর্ঘ্য ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে এবং এতে অন্তত একটি ইংরেজি বর্ণ থাকতে হবে। শুধু ইংরেজি অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর ও ডট ব্যবহার করা যাবে।

তবে কিছু সীমাবদ্ধতাও থাকবে। ইউজারনেম www দিয়ে শুরু করা যাবে না, শুরু বা শেষে ডট রাখা যাবে না এবং টানা দুটি ডট ব্যবহার করা যাবে না। এছাড়া .com, .org বা .in-এর মতো ডোমেইন এক্সটেনশন দিয়েও ইউজারনেম শেষ করা যাবে না।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই সুবিধা অনলাইন ব্যবসা, কমিউনিটি গ্রুপ বা অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বেশ কার্যকর হবে। এতে ব্যক্তিগত নম্বর গোপন রেখেও সহজে যোগাযোগ করা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপ ইতোমধ্যে সীমিত আকারে অ্যান্ড্রয়েড ও আইওএসের কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছে। ধাপে ধাপে এটি আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!