রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রীতির বন্ধনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখায় ঈদ পুনর্মিলনী- ২০২৬

এম এইচ অপু

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:৪৩ পিএম

সম্প্রীতির বন্ধনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখায় ঈদ পুনর্মিলনী- ২০২৬

কেক কাটার আনন্দে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখার আয়োজনে শনিবার (৫ এপ্রিল) এক বর্ণাঢ্য ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনিক সদস্যদের উপস্থিতিতে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে ছিল আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য সমন্বয়।

অনুষ্ঠানটির শুভ সূচনা হয় সকালে এক আকর্ষণীয় ফিতা কাটা অনুষ্ঠানের মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এভেরোজ মিরপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ এবং এভেরোজ উত্তরা শাখার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম মোস্তফা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন, এভেরোজ মিরপুরের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মনিকা সোহাগসহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতিমা জে. রহমান। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঈদের প্রকৃত শিক্ষা—সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ—ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সম্মানিত কো-অর্ডিনেটরবৃন্দ—শাব্বাব নেওয়াজ, বদরুল হাসান নাসিম, তাসনিম সুলতানা নওশিন এবং জোতি ফারহানা গাজী। তাঁদের সার্বিক তত্ত্বাবধায়নে পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। তারা এই আয়োজনের প্রশংসা করে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করে।

পুরো দিনজুড়ে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা নিজেদের বন্ধু ও শিক্ষকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে রাখে। এই আয়োজনের মাধ্যমে শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং একটি সুন্দর স্মৃতি তৈরি হয়েছে, যা দীর্ঘদিন ধরে সবার মনে আনন্দের আবেশ ছড়িয়ে দেবে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা পাঠ্যক্রমের পাশাপাশি সামাজিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে পারে।

এই সফল আয়োজনের মাধ্যমে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর আবারও প্রমাণ করেছে যে, তারা শুধু একাডেমিক শিক্ষার ক্ষেত্রেই নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!