প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:১১ পিএম
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর এক গুরুত্বপূর্ণ অর্জনের সাক্ষী হয়েছে আজ। নিজেদের ঝুলিতে যুক্ত করেছে একটি গুরুত্বপূর্ণ অর্জন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে পিয়ারসন এডএক্সেল সেন্টার হিসেবে অনুমোদন লাভ করেছে এবং সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় অনুমোদনের প্ল্যাক ও সার্টিফিকেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিয়ারসন এডএক্সেলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন এবং জান্নাতুল ফেরদৌস সিগমা। এ সময় এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের চেয়ারম্যান এন্ড হেড অফ স্কুল মোহাম্মদ আনিসুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি তুলে দেন।

এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার একটি নতুন দিক উন্মোচন করেছে। অনুষ্ঠানে পিয়ারসন কারিকুলাম অনুযায়ী প্লেগ্রুপ থেকে এ-লেভেল পর্যন্ত শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা করা হয়। বিশেষ করে আধুনিক শিক্ষাব্যবস্থায় ডিজিটাল ও ম্যানুয়াল সাপোর্ট ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া শিক্ষার মানোন্নয়নে ডাটা-নির্ভর পদ্ধতি প্রয়োগ, শিক্ষকদের জন্য পেশাগত উন্নয়ন সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।

স্কুল কর্তৃপক্ষ জানায়, পিয়ারসন এডএক্সেলের সঙ্গে এই অংশীদারিত্ব তাদের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বমানের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করে বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে পিয়ারসন এডএক্সেল টিমকে তাদের মূল্যবান সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এই অর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক মানের শিক্ষা বিস্তারে আরও একধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



