প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:৫২ পিএম
আলিয়া মাদরাসার ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে শিগগিরই সারাদেশে ১৩ হাজারের বেশি সহকারি মৌলভী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্তও হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। সংশ্লিষ্টদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের আলিয়া মাদরাসাগুলোতে কুরআন শিক্ষাদানের জন্য ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ ও ‘ইবতেদায়ি কারি’ পদে ১৩ হাজারের বেশি জনবল নিয়োগ দেওয়া হবে।
‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে আবেদন করতে হলে দাওরায়ে হাদিস সনদের পাশাপাশি ‘ইলমে কেরাত’ অথবা ‘তাহফীজুল কুরআন’-এর সনদ জমা দিতে হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এ পদের বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে ১০ এবং ‘ইবতেদায়ি কারি’ পদের বেতন গ্রেড হবে ১৬।
এছাড়া সভায় জানানো হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উদ্যোগে ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করা হবে। ‘কুরআন পড়, জীবন গড়’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে এবং এটি জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।
সভায় কওমি মাদরাসার শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি মাদরাসাবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে দাওরায়ে হাদিস সনদ সত্যায়নের বিষয়ে সরকারের আইসিটি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।



