মো: তামিম আহমেদ
প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৪:১৫ পিএম
প্রতীকী ছবি
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ দেশের সকল সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই (Free Wi-Fi) সুবিধা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় দেশের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই চালুর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, আগামী মে ২০২৬ মাসের মধ্যেই এই কার্যক্রম বাস্তবায়ন করে সংশ্লিষ্ট প্রতিবেদন কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রাকিবুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম আরও সহজতর ও আধুনিক করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনভিত্তিক শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধান এবং ডিজিটাল রিসোর্স ব্যবহারে আরও বেশি সুযোগ পাবে। এর ফলে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
মাতৃভূমির খবর