প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ১১:১১ পিএম
আসন্ন উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার প্রতিটি কক্ষে নজরদারি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন। সভাটি রাজশাহী কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে অবস্থিত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা যেন কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা নকলের অভিযোগ ছাড়াই সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর তদারকি বজায় রাখার পাশাপাশি প্রতিটি কক্ষে নজরদারি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসন, শিক্ষা বোর্ড এবং কেন্দ্র কর্তৃপক্ষকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় গ্রহণের সুযোগ যেন সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
সভা শেষে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, এ বছর বোর্ডের অধীনে আটটি জেলার মোট ২০৮টি কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন এক লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হবে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রগুলোতে নিয়মিত তদারকি চালানো হবে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিটি পরীক্ষাকক্ষে নজরদারি ক্যামেরা স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা আরও বাড়বে। পাশাপাশি নকল ও অসদুপায় অবলম্বনের প্রবণতা কমে আসবে এবং পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহজ হবে।



