প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০৮:৩৮ এএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা মুঠোফোনের খুদে বার্তা, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবে। এর মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হবে প্রায় সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থীর।
শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে। একই সময়ে দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে।
মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট পদ্ধতিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে নির্ধারিত নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে। অনলাইনে ফল জানতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ফলাফল প্রকাশের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় নিবন্ধন করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও কারিগরি ধারার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। তবে এবার নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ফল প্রকাশ হচ্ছে।
ফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কাঙ্ক্ষিত ফলাফলের আশায় শিক্ষার্থীরা এখন অপেক্ষা করছে নিজেদের দীর্ঘ পরিশ্রমের মূল্যায়নের জন্য।



