রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নিয়ম

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৭:৫৬ পিএম

এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নিয়ম

সংগৃহীত

সএসসি, এইচএসসিসহ দেশের সব পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিপুলসংখ্যক আবেদন সামলাতে এবং পুনর্মূল্যায়ন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করা হয়েছে।

সোমবার রাজধানীতে আয়োজিত একটি শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নতুন নীতিমালায় কোন পরিস্থিতিতে পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা যাবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ইতোমধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এত বিপুলসংখ্যক আবেদন প্রতিটি খাতা ধরে যাচাই করা শিক্ষা প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই ভবিষ্যতে পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালুর প্রয়োজন দেখা দিয়েছে।

নতুন ব্যবস্থায় কোন ধরনের অভিযোগ বা পরিস্থিতিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে, সেটি নীতিমালায় বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। এর ফলে অপ্রয়োজনীয় আবেদনের সংখ্যা কমার পাশাপাশি প্রকৃত সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন এবং উচ্চশিক্ষার আধুনিকায়ন নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তাঁর আশা, প্রয়োজনীয় পরিবর্তন আনা হলে বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বাড়বে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়। নতুন নীতিমালা কার্যকর হলে পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!