রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৪:৩১ পিএম

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

ফাইল ছবি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে দেশের নয়টি শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ—এর অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম দিন সকালে আবশ্যিক বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, জুলাই মাসজুড়ে আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা চলবে। ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র, ৬ জুলাই ইংরেজি প্রথম পত্র, ৮ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোল বিষয়ের উভয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও ইতিহাস প্রথম পত্র এবং ২২ জুলাই এসব বিষয়ের দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে। মাসের শেষদিকে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষাগুলো রাখা হয়েছে।

আগস্ট মাসের শুরুতেও কিছু পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং ৪ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্র নেওয়া হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ের মাধ্যমে। এরপর ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করা হয়েছে। পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল অংশের পরীক্ষা নেওয়া হবে, মাঝখানে কোনো বিরতি থাকবে না। ১০০ নম্বরের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা, আর ব্যবহারিক যুক্ত ২৫ থেকে ৫০ নম্বরের পরীক্ষার সময় কিছুটা কম হবে।

এছাড়া সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন পরীক্ষাকেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তত্ত্বীয়, বহুনির্বাচনী এবং ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!