প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০৪:৪১ পিএম
রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কারিনা পাল (১৬) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে স্থানীয় চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিল। পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, দুটি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ফলাফল প্রকাশের পর কারিনা তার ফল জানতে পারে। প্রত্যাশিত ফল না পাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিজ কক্ষে চলে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে কক্ষের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিকভাবে ঘটনাটি তদন্ত করে। পুলিশ জানিয়েছে, পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর হতাশা থেকেই ওই শিক্ষার্থী এমন চরম সিদ্ধান্ত নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কারিনার এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একটি পরীক্ষার ফলাফল যে কোনো শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত পরিচয় নয়—এমন পরিস্থিতিতে সন্তানদের পাশে দাঁড়িয়ে তাদের মানসিক অবস্থা বোঝা এবং হতাশার সময়ে সহায়তা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



