রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নতুন বেতন কাঠামোয় বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৬:৫৪ পিএম

নতুন বেতন কাঠামোয় বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোর আওতায় এনে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রীর এ বক্তব্যে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ করলেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও জরুরি। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন একটি প্রতিষ্ঠানের শিক্ষার মান, অবস্থান এবং সেখান থেকে বের হওয়া শিক্ষার্থীদের কর্মসংস্থানের চিত্র বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী দিনের প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানোপ্রযুক্তি ও রোবট প্রযুক্তির মতো আধুনিক বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী। তাঁর মতে, উচ্চশিক্ষাকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে না পারলে দেশের মেধাবী শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা কঠিন হবে।

আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গেও দেশের শিক্ষাকে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। দেশের শিক্ষার্থীরা যাতে দেশেই আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পায়, সে জন্য আন্তঃসীমান্ত শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান। এর মাধ্যমে বিদেশে পড়াশোনার পেছনে দেশের বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর পাশাপাশি জ্ঞান ও প্রযুক্তি দেশে আনার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

বিদেশে থাকা মেধাবী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দেশের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করছে। তাদের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে। বাংলাদেশকে ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েও কাজ করার কথা জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

২০০৩ সালের ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এর আগে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, খুলনা নামে শিক্ষা কার্যক্রম পরিচালনা করত। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে ১৬টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০টি বিভাগে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরে খুলনার জিয়া হল চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি খুলনাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আগামীর বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!