রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক

শহিদুল ইসলাম খোকন

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৩:২৯ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক

ফাইল ছবি

দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও জনমুখী, জবাবদিহিমূলক ও কার্যকর করতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন–এর সঙ্গে সাক্ষাৎ করেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যরা। বৈঠকে কমিশনের নেতৃত্ব দেন অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

বৈঠকে কমিশনের সদস্যরা দেশের স্বাস্থ্যব্যবস্থার বিদ্যমান সংকট, সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করতে কমিশন ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

আলোচনায় বিশেষভাবে উঠে আসে প্রাথমিক স্বাস্থ্যসেবা (প্রাইমারি হেলথ কেয়ার) জোরদারের বিষয়টি। কমিশনের সদস্যরা বলেন, দেশের মানুষের জন্য টেকসই ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হলে প্রাথমিক স্বাস্থ্যসেবার ভিত্তিকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

তাদের মতে, একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠলে রোগের চাপ, চিকিৎসা ব্যয় এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশের প্রতিফলন প্রতিবেদনে স্থান পেয়েছে। পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পেশাজীবীর মতামতও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিশনের সদস্যরা জানান, স্বাস্থ্যখাত সংস্কার, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসকদের নিরাপত্তা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের সুপারিশের সঙ্গে বিএনপির স্বাস্থ্যবিষয়ক ইশতেহারেরও উল্লেখযোগ্য মিল রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন কমিশনের সদস্যদের উদ্দেশে আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার পর্যায়ক্রমে এসব গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। তিনি দেশের স্বাস্থ্যব্যবস্থাকে যুগোপযোগী ও জনবান্ধব করতে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা, ডা. আজহারুল ইসলামসহ কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়েছিল এবং পরবর্তীতে কমিশন তাদের সুপারিশ সরকারের নিকট জমা দেয়। সংশ্লিষ্ট মহলের মতে, এই সুপারিশসমূহ বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যব্যবস্থায় দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ আরও সুগম হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!