প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:৫৯ পিএম
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগর নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ মে) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে মমতাজের আইনজীবী রেজাউল করিম দাবি করেন, তিনি একজন সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত ফোক সংগীতশিল্পী। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আন্দোলন দমনে অর্থ জোগান ও পরিকল্পনার অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করা হয়। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত আবেদনটি নাকচ করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে গুলিতে নিহত হন মো. সাগর। তার মা বিউটি আক্তার ওইদিন রাত ৩টায় একটি বেসরকারি হাসপাতালে সন্তানের মরদেহ খুঁজে পান। পরে ২০২৪ সালের ২৭ নভেম্বর তিনি বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করা এই মামলায় মমতাজ বেগম ৪৯ নম্বর আসামি।
মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজয়ের পর তিনি আড়ালে চলে যান। ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক প্রভাবশালী নেতা ও সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। সাগরের পরিবারের পক্ষ থেকে এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।



