প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৫:৩৪ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে তিনি ঘাড় ও কোমরে গুরুতর আঘাত পান। পরবর্তীতে আইনজীবীদের আবেদনে করা এমআরআই প্রতিবেদনে তার শরীরে মোট পাঁচটি হাড় সরে যাওয়ার তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে জানানো হয়, গত ৫ মে আদালতে আবেদন করার পর কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে তার এমআরআই করা হয় এবং পরে সেই প্রতিবেদন হাতে পান আইনজীবীরা।
প্রতিবেদন অনুযায়ী, পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪—এই তিনটি হাড় সরে গেছে। এছাড়া ঘাড়ের সি ৫-৬ ও সি ৬-৭ অংশে ডিস্কে সমস্যা ধরা পড়েছে।
আইনজীবী জানান, পলক আগে থেকেই অসুস্থ ছিলেন। সাম্প্রতিক সময়ে কারাগারে গিয়ে দেখা করলে তিনি ঘাড় নাড়াতে পারছিলেন না বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রতিবেদনে গুরুতর সমস্যা ধরা পড়লেও এখনো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি।
প্রিজনভ্যান দুর্ঘটনা প্রসঙ্গে আইনজীবী বলেন, এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত—সে বিষয়ে সন্দেহ রয়েছে এবং এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে মামলার কার্যক্রম শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকলেও পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।



