প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১২:৩১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতের এ সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না।
আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে গত ২ জুলাই এ বিষয়ে শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন নির্ধারণ করেছিলেন।
ঘটনার সূত্রপাত হয় নির্বাচনের আগে। গত ১৮ জানুয়ারি শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তিনি।
পরে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করা হয়।
পরবর্তীতে বিষয়টি উচ্চ আদালতে গড়ালে ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ এ বিষয়ে লিভ টু আপিল গ্রহণ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার হাইকোর্ট সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন।
আদালতের এ রায়ের পর চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার শপথ গ্রহণের বিষয়ে আর কোনো আইনি জটিলতা থাকছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



