রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শিশু রামিসা হত্যা মামলায় শুনানির প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ১১:২৩ এএম

শিশু রামিসা হত্যা মামলায় শুনানির প্রস্তুতি সম্পন্ন

ছবি: সংগৃহীত

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রেফারেন্স এবং আসামিদের করা আপিলের শুনানির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উচ্চ আদালতে নুসরাত ও আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পর রামিসা হত্যা মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে আইনি লড়াইয়ের ব্যবস্থাও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার পর গত ২৫ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াই করবেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানার সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। মামলার বিচার শেষে অপরাধের গুরুত্ব ও পরিস্থিতি বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল দুই আসামিকেই মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর তাদের কারাগারের পৃথক মৃত্যুকক্ষে রাখা হয়।

পরবর্তীতে কারাগার থেকেই আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে অনুমোদনের জন্য মৃত্যুদণ্ডের রেফারেন্সও পাঠানো হয়। ফলে আপিল ও মৃত্যুদণ্ডের রেফারেন্স—দুই বিষয়ই উচ্চ আদালতে একসঙ্গে শুনানির জন্য রয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, নির্ধারিত মামলাগুলোর শুনানি শেষ হওয়ার পর রামিসা হত্যা মামলাটি শুনানির তালিকায় আসবে। এ মামলার শুনানিকে ঘিরে প্রয়োজনীয় আইনগত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!