রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জামিন প্রক্রিয়ায় নতুন গতি, আরও ১২ জেলায় ই-বেইল

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ১১:০৭ এএম

জামিন প্রক্রিয়ায় নতুন গতি, আরও ১২ জেলায় ই-বেইল

ফাইল ছবি

দেশের আরও ১২টি জেলায় ডিজিটাল জামিননামা ব্যবস্থা চালু হচ্ছে। জামিন প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও সহজ করার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর করা হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন জেলাগুলোতে কার্যক্রমের উদ্বোধন করবেন।

নতুন ব্যবস্থার আওতায় আসা জেলাগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত পদ্ধতিতে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত একাধিক ধাপ অতিক্রম করতে হতো। এতে সময় লাগার পাশাপাশি বিচারপ্রার্থী, আইনজীবী ও কারা কর্তৃপক্ষকে নানা ধরনের প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হতো। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় এই দীর্ঘ প্রক্রিয়া অনেকটাই সংক্ষিপ্ত হবে।

আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগে জামিননামা সম্পন্ন করতে মোট ১৩টি কায়িক ধাপ অতিক্রম করতে হতো। নতুন ব্যবস্থায় পুরো প্রক্রিয়াটি মাত্র তিনটি প্রধান ধাপে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে জামিন কার্যকরের ক্ষেত্রে সময় কমবে এবং সংশ্লিষ্টদের ভোগান্তিও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে কয়েক ধাপে দেশের ১৬টি জেলায় ডিজিটাল জামিননামা ব্যবস্থা চালু করা হয়। নারায়ণগঞ্জে ২০২৫ সালের ১৫ অক্টোবর প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু হয়। পরে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুরসহ আরও কয়েকটি জেলায় এটি সম্প্রসারণ করা হয়। তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়াতেও কার্যক্রম চালু করা হয়েছে।

নতুন ১২ জেলা যুক্ত হওয়ার ফলে ডিজিটাল জামিননামা ব্যবস্থার আওতা আরও বিস্তৃত হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, ধীরে ধীরে দেশের সব জেলায় এই ব্যবস্থা চালু করা গেলে জামিন কার্যক্রমে দীর্ঘদিনের সময়ক্ষেপণ ও পদ্ধতিগত জটিলতা আরও কমবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!