রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যামিলি কার্ডের উদ্বোধন কাল, ভাতা পাবেন ৩৭,৫৬৭ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১২:০৬ এএম

ফ্যামিলি কার্ডের উদ্বোধন কাল, ভাতা পাবেন ৩৭,৫৬৭ জন

ছবিঃ সংগৃহীত

নারীপ্রধান পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ নামে নতুন একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে প্রতি মাসে দুই হাজার পাঁচশ টাকা করে ভাতা দেওয়া হবে।

উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী মোবাইল অর্থসেবা অথবা ব্যাংক হিসাবে এই অর্থ গ্রহণ করতে পারবেন। ফলে ঘরে বসেই তারা ভাতা পাওয়ার সুযোগ পাবেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই কর্মসূচি চালু করা হচ্ছে। তিনি জানান, দেশের অর্থনীতির সুফল সব মানুষের ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার কথা বিবেচনায় রেখে বড় ধরনের সামাজিক সহায়তা কর্মসূচি গ্রহণ করা সহজ নয়। তবু সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী জুন মাস পর্যন্ত চার মাসের জন্য এই কর্মসূচিতে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে দারিদ্র্যের মাত্রা নির্ধারণ করে পরিবারগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।

যাচাই–বাছাই শেষে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত হিসেবে চিহ্নিত পরিবারের তথ্য পর্যালোচনা করা হয়। এ প্রক্রিয়ায় একাধিক ভাতা গ্রহণ, সরকারি চাকরি কিংবা পেনশন সুবিধা রয়েছে এমন পরিবার বাদ দেওয়া হয়েছে।

সব যাচাই শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে এই ভাতা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান সমাজকল্যাণমন্ত্রী।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে কর্মসূচিটি আরও বিস্তৃত আকারে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!