রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য যাচাই ছাড়া ফ্যামিলি কার্ড নয়, নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:৪৭ পিএম

তথ্য যাচাই ছাড়া ফ্যামিলি কার্ড নয়, নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে একটি সমন্বিত ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্রকৃত প্রয়োজনীয় মানুষের কাছে রাষ্ট্রের সহায়তা পৌঁছে দেওয়া। তাই উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, ভুল তথ্য বা পক্ষপাতিত্বের সুযোগ রাখা যাবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণকে কার্যকর ও গ্রহণযোগ্য করতে আধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। দেশের বিভিন্ন এলাকার তথ্য একীভূত করে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে একই ব্যক্তি একাধিক সুবিধা গ্রহণ করতে না পারেন এবং প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ সহজেই এই কর্মসূচির আওতায় আসতে পারেন।

বৈঠকে ধাপে ধাপে দেশের সব অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য যাচাইয়ের কাজ আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তালিকা প্রস্তুতের সময় কোনো ধরনের অসঙ্গতি না থাকে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন পরিকল্পনার আওতায় তথ্যভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে পর্যায়ক্রমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং সরকারি সহায়তা বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে।

বৈঠকে সমাজকল্যাণবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতামত দেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!