রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগে সমান সুযোগ চান ফ্রান্সের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১১:২১ পিএম

বাংলাদেশে বিনিয়োগে সমান সুযোগ চান ফ্রান্সের রাষ্ট্রদূত

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে ইউরোপীয় ও ফরাসি প্রতিষ্ঠানের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ–মার্ক সেরে–শার্লেট। তিনি বলেন, বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কোনো দেশে বিনিয়োগ বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সমান সুযোগ এবং প্রতিযোগিতামূলক পরিবেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, ফরাসি ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা প্রয়োজন। কারণ এসব প্রতিষ্ঠান বেসরকারি হওয়ায় তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নির্ভর করে সংশ্লিষ্ট দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের ওপর। যথাযথ সুযোগ ও ইতিবাচক আচরণ পেলে এসব প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে।

বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া শুরুর দিকের দেশগুলোর একটি। আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘে, দুই দেশ একসঙ্গে কাজ করার আগ্রহ রাখে। তিনি দুই দেশের সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সহযোগিতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় এবং ফ্রান্সও একই নীতিতে বিশ্বাসী। ভবিষ্যতে অর্থনীতি, বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। রাষ্ট্রদূত জানান, ফরাসি কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হলো নারীকেন্দ্রিক পররাষ্ট্রনীতি, যা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে।

এছাড়া দুই দেশের শিল্পী ও শিক্ষার্থীদের মধ্যে বিনিময় কর্মসূচি বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

অন্যদিকে উড়োজাহাজ কেনার বিষয়েও তিনি নিজের দেশের আগ্রহের কথা জানান। তিনি একটি উন্নত মানের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাতীয় বিমান সংস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের সব দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বন্ধু রাষ্ট্রের সঙ্গেই বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। তবে সব ক্ষেত্রেই অগ্রাধিকার দেওয়া হবে ‘বাংলাদেশ প্রথম’ নীতিকে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!